দক্ষিণে মেগা ধামাকা! ডিএমকে-তে যোগ দিলেন তিনবারের মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম; ভোটের আগে বড় ধাক্কা এআইডিএমকে-তে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই দক্ষিণী রাজনীতিতে ঘটল এক ঐতিহাসিক পটপরিবর্তন। এআইডিএমকে (AIADMK)-র সঙ্গ চিরতরে ত্যাগ করে শাসক দল ডিএমকে (DMK)-তে যোগ দিলেন রাজ্যের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম (OPS)। শুক্রবার চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হাত থেকে ডিএমকে-র পতাকা তুলে নেন প্রয়াত নেত্রী জয়ললিতার একসময়ের সবচেয়ে আস্থাভাজন এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে ওপিএস-এর এই দলবদল পালানিস্বামী-বিজেপি জোটের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।

২০২২ সালে দলের শীর্ষ নেতা ই পালানিস্বামীর সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে এআইডিএমকে থেকে বহিষ্কৃত হয়েছিলেন পন্নিরসেলভম। তারপর বহুবার দলে ফেরার চেষ্টা করলেও পালানিস্বামী তাঁর জন্য দরজা খোলেননি। গত ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে স্ট্যালিনের সঙ্গে ওপিএস-এর সৌজন্য সাক্ষাৎ ঘিরেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। ডিএমকে-তে যোগ দেওয়ার ঠিক আগেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন পন্নিরসেলভম। এদিন স্ট্যালিনের উপস্থিতিতে তিনি সাফ জানান, “এআইডিএমকে এখন আমার কাছে অতীত। স্ট্যালিন যেভাবে রাজ্য চালাচ্ছেন, তাতে এবারের নির্বাচনেও ডিএমকে-র জয় নিশ্চিত।”

তামিলনাড়ুর রাজনীতিতে গত দু’দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ পন্নিরসেলভম ২০০১, ২০১৪ এবং ২০১৬ সালে তিন দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। জয়ললিতার অবর্তমানে তাঁর ওপরই বারবার আস্থা রেখেছিল দল। সেই হেভিওয়েট নেতার ডিএমকে-তে অন্তর্ভুক্তি স্ট্যালিনের দলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। পন্নিরসেলভম আরও জানিয়েছেন, দল চাইলে তিনি পুনরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। অন্যদিকে, পন্নিরসেলভমকে হারিয়ে এআইডিএমকে ঘর গোছানোর আগেই যেভাবে তৃণমূল স্তরের সমর্থন হাতছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছে, তা তামিল রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিল।