পরকীয়া করে ঘর ছেড়েছেন স্ত্রী, তাও দিতে হবে ১৫ হাজার খোরপোশ? আদালতে যা ঘটল…

পরকীয়া সম্পর্কের টানে স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। সেই বিচ্ছেদ ঘটেছে বছর পাঁচেক আগেই। কিন্তু বর্তমানে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই স্বামীই পড়লেন চরম বিপাকে। বিবাহবিচ্ছেদের পর খোরপোশ বা অ্যালিমনি সংক্রান্ত একটি মামলার শুনানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল চর্চা।
আদালতের শুনানির ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অত্যন্ত অসহায়ভাবে বিচারকের সামনে নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরছেন। তাঁর দাবি, ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু ২০২১ সালে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন পুলিশের দ্বারস্থ হন, তখন তাঁর স্ত্রী জনসমক্ষে স্বীকার করেন যে তিনি অন্য এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না।
বর্তমানে ওই ব্যক্তি তাঁর দুই নাবালক সন্তানকে একাই বড় করছেন। আদালতের সওয়াল-জবাব চলাকালীন বিচারক তাঁকে প্রশ্ন করেন, তাঁর প্রাক্তন স্ত্রী কি ৫০০০ টাকা বাড়ি ভাড়া এবং ১০ হাজার টাকা খোরপোশ বাবদ মোট ১৫ হাজার টাকা দাবি করেছেন? স্বামী উত্তরে ‘হ্যাঁ’ বলতেই বিচারক পাল্টা প্রশ্ন করেন, “এই সামান্য টাকা দিতে আপনার সমস্যা কোথায়?”
উত্তরে ওই ব্যক্তি নিজের মাসিক আয়ের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, মাসে তাঁর বেতন ৬০ হাজার টাকা, যার মধ্যে ২০ হাজার টাকা লোনের কিস্তিতেই চলে যায়। হাতে থাকা ৪০ হাজার টাকা দিয়ে দুই সন্তানের পড়াশোনা, খাওয়া-দাওয়া এবং আনুষঙ্গিক খরচ সামলে বাড়তি ১৫ হাজার টাকা দেওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের সন্তানদের ভবিষ্যৎ এবং বর্তমান আর্থিক চাপের কথা ভেবেই তিনি এই খোরপোশ দিতে অসম্মতি জানান। যদিও মামলার চূড়ান্ত রায় ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে নীতি বনাম আইনি লড়াইয়ের এই ভিডিওটি নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে।