রমজানে বড় উপহার মমতার! ৩২ টাকায় চিনি আর ৬৫ টাকায় ছোলা, রেশন কার্ড থাকলে লটারি!

পবিত্র রমজান মাস শুরুর আগেই রাজ্যের সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাদ্য ও সরবরাহ দপ্তর রমজান উপলক্ষে বিশেষ ভর্তুকিযুক্ত রেশন (Ration) প্যাকেজ প্রদানের ঘোষণা করেছে। মূলত উৎসবের মরসুমে বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক বোঝা কমাতেই নবান্নের এই বিশেষ উদ্যোগ।
কারা পাবেন এই সুবিধা?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত গৃহস্থালি (SPHH) ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধার আওতায় পড়বেন। খাদ্য দপ্তর জানিয়েছে, এই বিশেষ প্যাকেজটি চলতি সপ্তাহ থেকেই উপভোক্তাদের দেওয়া শুরু হয়েছে এবং আগামী ১৯ মার্চ পর্যন্ত সমস্ত ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে এটি সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট সময়সীমার পর এই সুবিধা আর মিলবে না।
প্যাকেজে কী কী থাকছে ও দাম কত?
রমজান মাসে ছোলার ডাল, চিনি ও আটার চাহিদা তুঙ্গে থাকে। সেই কথা মাথায় রেখেই সরকার বাজারদরের চেয়ে অনেক কম দামে এই সামগ্রীগুলো দিচ্ছে:
চিনি: প্রতি কেজি মাত্র ৩২ টাকা।
ছোলা: প্রতি কেজি মাত্র ৬৫ টাকা।
গমের আটা: প্রতি কেজি মাত্র ৩০ টাকা।
খাদ্য ও সরবরাহ দপ্তরের এক আধিকারিক জানান, “রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের জোগান নিশ্চিত করতে এবং কালোবাজারি রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রেশন ডিলারদের কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। কোনো যোগ্য পরিবার যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি চালানো হচ্ছে। সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।