আধার সেন্টার খুঁজতে আর হন্যে হতে হবে না! নয়া ধামাকা নিয়ে এল Google Maps, জানুন বিস্তারিত

আধার কার্ড সংক্রান্ত কাজের জন্য আধার সেবা কেন্দ্র খুঁজে পেতে গিয়ে কালঘাম ছোটে সাধারণ মানুষের। এবার সেই ঝক্কি কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত সরকার। আধার পরিষেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল-এর (Google) সঙ্গে হাত মিলিয়েছে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI)। এখন থেকে সরাসরি গুগল ম্যাপস-এই (Google Maps) দেখা যাবে আপনার নিকটবর্তী অনুমোদিত আধার কেন্দ্রগুলির অবস্থান ও বিস্তারিত তথ্য।
কী কী সুবিধা মিলবে?
তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, আগামী মার্চ মাস থেকেই এই পরিষেবা পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যাপেই দেখতে পাবেন কোন কেন্দ্রে বড়দের ও শিশুদের আধার নথিভুক্ত করা যায়, আর কোথায় শুধুমাত্র বায়োমেট্রিক বা ঠিকানা আপডেট করার সুবিধা রয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রগুলির কাজের সময়সূচি, সেখানে পার্কিং সুবিধা আছে কি না, এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য র্যাম্প বা অন্যান্য পরিকাঠামো আছে কি না—সবটাই এক ক্লিকে জানা যাবে।
ভুয়ো কেন্দ্রের জট থেকে মুক্তি:
বর্তমানে দেশজুড়ে প্রায় ৬০ হাজারেরও বেশি আধার পরিষেবা কেন্দ্র রয়েছে। অনেক সময় সাধারণ মানুষ সঠিক কেন্দ্র খুঁজে না পেয়ে ভুয়ো বা অনুমোদনহীন কেন্দ্রে গিয়ে প্রতারিত হন। সরকারের দাবি, গুগল ম্যাপসে শুধুমাত্র UIDAI দ্বারা যাচাইকৃত এবং অনুমোদিত কেন্দ্রগুলিই প্রদর্শিত হবে। ফলে ভুল তথ্য বা হয়রানির সমস্যার চিরস্থায়ী অবসান ঘটবে।
UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, নাগরিকদের সুবিধাকেই অগ্রাধিকার দিচ্ছে সংস্থা। গুগলের সঙ্গে এই জোট সাধারণ মানুষকে দ্রুত ও নির্ভুল তথ্য পেতে সাহায্য করবে। এমনকি ভবিষ্যতে গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে গ্রাহকরা নিজেদের ফিডব্যাক বা প্রতিক্রিয়াও জানাতে পারবেন।
গুগল ইন্ডিয়ার প্রতিনিধি রোলি আগরওয়াল জানিয়েছেন, সরকারি পরিষেবা এবং সাধারণ মানুষের মধ্যেকার ব্যবধান কমাতে এই উদ্যোগ মাইলফলক হয়ে দাঁড়াবে। আগামী দিনে গুগল ম্যাপসের মাধ্যমেই সরাসরি আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধাও চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।