বাংলাদেশে চরম অরাজকতা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রীদের ‘পতিতা’ বলে হেনস্থা, কাঠগড়ায় জামাত সমর্থকরা!

বাংলাদেশে নতুন সরকার গঠনের পরও কাটছে না অশান্তির মেঘ। বিএনপি ক্ষমতায় এলেও এবং জামাত-ই-ইসলামি প্রধান বিরোধী দলের আসনে বসলেও, সাধারণ মানুষের নিরাপত্তা বিশেষত নারী স্বাধীনতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। সম্প্রতি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় শিক্ষক-ছাত্র কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে পোশাকের কারণে দুই তরুণীকে নৃশংসভাবে হেনস্থা করার খবর পাওয়া গেছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।

অভিযোগ উঠেছে, জামাত সমর্থকদের একটি দল ওই দুই তরুণীকে তাঁদের পোশাকের জন্য হেনস্থা করে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্তরা বাঁশের লাঠি হাতে এক তরুণীকে লাথি মারার চেষ্টা করছে। আক্রান্তদের মধ্যে একজন জিন্স ও টপ পরেছিলেন, যাকে ‘পাশ্চাত্য পোশাক’ বলে দাগিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তাঁদের ‘পতিতা’ বলেও অপমান করা হয় বলে অভিযোগ। আক্রান্ত এক তরুণী কান্নায় ভেঙে পড়ে বলেন, “নাজিরা বাজারে সেহরি খেয়ে টিএসসিতে এসেছিলাম। একজন ছাত্র কেন আমাকে চড় মারবে? আমরা কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি?”

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এখনও পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার এবং ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ সোহানের নাম উঠে এসেছে। ৫ অগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ছাত্রীরা।