দোলে জোড়া ছুটি! টানা দু’দিন বন্ধ থাকবে স্কুল-অফিস, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর!

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তার মধ্যে অন্যতম রঙিন উৎসব হলো দোলযাত্রা। ২০২৬ সালে দোল উৎসব পড়েছে ৩ মার্চ। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজ্যের সরকারি কর্মচারী এবং পড়ুয়াদের জন্য এক দারুণ সুখবর শোনাল মমতা সরকার। এবার দোল ও হোলি উপলক্ষে মিলতে চলেছে ‘জোড়া ছুটি’। নবান্নের অর্থ দপ্তর এবং শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহেই টানা দু’দিন ছুটি উপভোগ করতে পারবেন সংশ্লিষ্ট সকলে।

রাজ্য সরকারের ৪১৮৮-এফ(পি২) বিজ্ঞপ্তি অনুসারে, দোলযাত্রা উপলক্ষে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) এবং হোলি উপলক্ষে ৪ মার্চ (বুধবার)—এই দু’দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্থানীয় পুরসভা, পঞ্চায়েত এবং সরকার পোষিত সংস্থাগুলি বন্ধ থাকবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির ক্ষেত্রেও। ফলে সপ্তাহের মাঝখানেই টানা দু’দিন ছুটি পাওয়ায় সরকারি কর্মীদের দোল উৎসব আরও রঙিন হতে চলেছে।

তবে মনে রাখতে হবে, বেশ কিছু বেসরকারি স্কুল শুধুমাত্র ৩ মার্চ দোলযাত্রার ছুটি দিচ্ছে। অন্যদিকে, ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা আলাদা। রাজ্যের অধিকাংশ সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক শুধুমাত্র ৩ মার্চ (মঙ্গলবার) দোলযাত্রা উপলক্ষে বন্ধ থাকবে। দোল ও হোলির ছুটি নিয়ে কর্মীদের মধ্যে যে ধন্দ ছিল, সরকারের এই জোড়া ছুটির ঘোষণায় তা এক লহমায় কেটে গেল।