“এক একজন অনুপ্রবেশকারীকে দেশছাড়া করব!” SIR তালিকার আগে শাহের হুঙ্কারে কাঁপছে বাংলা!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক আগে অনুপ্রবেশ ইস্যুতে এক চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর স্পষ্ট বার্তা, এই প্রক্রিয়াটি কেবল ভোটার তালিকা সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভারত থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশছাড়া করাই বিজেপির মূল লক্ষ্য। শাহের দাবি, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে লাগাতার অনুপ্রবেশের ফলে জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। তাঁর অভিযোগ, “অনুপ্রবেশকারীরা কেবল নির্বাচনে প্রভাব ফেলছে না, গরিবের রেশনেও ভাগ বসাচ্ছে।”

আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আত্মবিশ্বাসী শাহ জানান, এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবেই। আর ক্ষমতায় এলেই তাঁদের প্রথম কাজ হবে সীমান্ত পুরোপুরি সিল করা এবং দেশে থাকা অনুপ্রবেশকারীদের একে একে চিহ্নিত করে বাইরে পাঠানো। শাহের এই মন্তব্যের পরই কড়া জবাব দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলে বলেন, “অনুপ্রবেশ রোখা তো সম্পূর্ণ কেন্দ্রের দায়িত্ব। বিএসএফ কেন্দ্রের অধীনে, তবে কেন অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না?” তিনি আরও যোগ করেন যে, ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেখানে কীভাবে রোহিঙ্গা বা বাংলাদেশিরা ধরা পড়ছে? বাংলার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গুরের সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছিলেন।