মুম্বইয়ে শুরু ‘আইডিয়াজ অব ইন্ডিয়া ২০২৬’! প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনে অতিদেব সরকার, চাঁদের হাট বাণিজ্য নগরীতে!

মুম্বইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এবিপি নেটওয়ার্কস আইডিয়াজ অব ইন্ডিয়া ২০২৬। অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার। দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এছাড়াও গ্ল্যামার দুনিয়ার নক্ষত্র শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল এবং আরমান মালিকদের উপস্থিতিতে ঝলমল করবে এই মঞ্চ।
উদ্বোধনী ভাষণে বিশ্ব রাজনীতির বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অতিদেব সরকার। তিনি বলেন, “গত এক বছরে বিশ্ব একাধিক যুদ্ধের সাক্ষী থেকেছে। গাজা থেকে ইরান— পরিস্থিতি মোটেও সুখকর নয়।” আমেরিকার ‘শুল্ক-যুদ্ধ’ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের নতুন বাণিজ্য চুক্তির প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে। শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি হেনরি কিসিঞ্জারের উদ্ধৃতি টেনে বলেন, বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল রাখতে একটি নিয়মভিত্তিক কাঠামো বা “সম্মত আন্তর্জাতিক শৃঙ্খলা” অত্যন্ত প্রয়োজন।
অতিদেব সরকার আরও মনে করিয়ে দেন যে, ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পর থেকে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে নীতি গড়ে উঠেছিল, আজ তা বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এই সম্মেলনে ভারতের ভবিষ্যৎ এবং বিশ্ব মানচিত্রে দেশের অবস্থান নিয়ে মন্থন চলবে আগামী শনিবার পর্যন্ত।