সিকিমে একদিনে ১৬ বার কম্পন! বড় বিপর্যয়ের সংকেত? আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ!

পাহাড় কি কোনো বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত দিচ্ছে? সিকিম ও উত্তরবঙ্গে যেভাবে ধারাবাহিকভাবে ভূমিকম্প হচ্ছে, তাতে সাধারণ মানুষের পাশাপাশি কপালে ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদেরও। আজ সকালেও ২.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়ের রানি দার্জিলিং। কম্পনের মাত্রা খুব বেশি না হলেও, যেভাবে বারবার মাটি কাঁপছে, তাতে বড় কোনো ভূমিকম্পের ‘ফোরশক’ বা আগাম সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় সিকিমের মঙ্গনে পর পর ৩.৯ এবং ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল একদিনেই ছোট-বড় মিলিয়ে ১৬ বার কেঁপেছে সিকিম। ভোর চারটে নাগাদ হওয়া সেই কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এর আগে ফেব্রুয়ারির শুরুতেও মাত্র ৪ দিনে ৪০ বারের বেশি কম্পন রেকর্ড করা হয়েছিল। বারংবার এই মৃদু ও মাঝারি কম্পন আসলে কোনো ভয়াবহ ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।

ভূবিজ্ঞানীদের মতে, মাটির নিচে সঞ্চিত শক্তি বের হওয়ার পথে বারবার এমন ছোট ছোট ধাক্কা দেয়। ২০১১ সালে সিকিমে ৬.৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের ক্ষত আজও টাটকা। সেই ভয়াবহতার স্মৃতি ফিরে আসার আশঙ্কায় বর্তমানে সিঁদুরে মেঘ দেখছেন গ্যাংটক থেকে শিলিগুড়ির বাসিন্দারা। প্রকৃতির এই ‘ওয়ার্নিং বেল’ কি বড় কোনো ধ্বংসের ইঙ্গিত? উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা, আর আতঙ্কে রাত কাটছে পাহাড়বাসীর।