রাস্তার ধারের ডাস্টবিনে থরে থরে সাজানো ভোটার কার্ড! রানিগঞ্জে তীব্র চাঞ্চল্য, নেপথ্যে কি বড় কোনো চক্র?

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক সেই আবহেই রানিগঞ্জে উদ্ধার হলো ব্যাগভর্তি ভোটার কার্ড। গত পরশু রাত সাড়ে এগারোটা নাগাদ রানিগঞ্জের চিনকুঠি মোড় এলাকায় রাস্তার ধারের একটি ডাস্টবিনে প্রায় ৪০ থেকে ৫০টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলি বাজেয়াপ্ত করে।
রহস্য আরও দানা বেঁধেছে যখন উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে স্থানীয় বাসিন্দা আনারুল ইসলামের নামে একটি কার্ড পাওয়া যায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তাঁর আসল ভোটার কার্ডটি তাঁর কাছেই রয়েছে। এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি ডাস্টবিনে পাওয়া কার্ডগুলি ভুয়ো? অন্য কারও ব্যক্তিগত তথ্য হাতিয়ে কি এই কার্ডগুলি তৈরি করা হয়েছিল? কে বা কারা রাতের অন্ধকারে এই কার্ডগুলি ফেলে গেল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন থেকেও একইভাবে ভোটার কার্ড উদ্ধার হয়েছিল। এমনকি গত লোকসভা ভোটের আগেও নদিয়ার চাকদাতে ঝোপের মধ্যে ব্যাগভর্তি ভোটার কার্ড ও নির্বাচনী সরঞ্জাম মেলায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন যে, কারচুপি করার উদ্দেশ্যেই এই কার্ডগুলি জড়ো করা হয়েছিল। রানিগঞ্জের এই ঘটনা ফের সেই স্মৃতি উসকে দিল। SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক আগে এতগুলি কার্ড ডাস্টবিনে মেলায় বড়সড় কোনো জালিয়াতি চক্রের যোগ দেখছেন বিশেষজ্ঞরা।