সন্তান কি বিপথে যাচ্ছে? কিশোর-কিশোরীদের ওপর কড়া নজরদারি, অভিভাবকদের জন্য বিরাট আপডেট দিল ইনস্টাগ্রাম!

বর্তমান প্রজন্মের টিনএজারদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইনস্টাগ্রাম। অবসরের অনেকটা সময়ই রিলস, লাইক আর ফলোয়ার্সদের দুনিয়ায় কাটায় তারা। কিন্তু আপনার সন্তান এই প্ল্যাটফর্মে ঠিক কী দেখছে? সে কি কোনো বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে? এবার থেকে সন্তানের গতিবিধির ওপর নজর রাখা অভিভাবকদের জন্য আরও সহজ করে তুলল মেটা (Meta)। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক যুগান্তকারী ঘোষণা করা হয়েছে—যদি কোনো কিশোর-কিশোরী বারবার আত্মহত্যা বা নিজের ক্ষতিসাধন সংক্রান্ত বিষয়বস্তু অনুসন্ধান করে, তবে ইনস্টাগ্রাম সরাসরি তাদের অভিভাবকদের কাছে ‘অ্যালার্ম নোটিশ’ পাঠাবে।
প্রাথমিকভাবে আগামী সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডায় এই পরিষেবা চালু হতে চলেছে। কোনো অল্পবয়সী ব্যবহারকারী যদি এই ধরনের সেনসিটিভ শব্দ দিয়ে সার্চ করার চেষ্টা করে, তবে তৎক্ষণাৎ অভিভাবকদের ইমেল, টেক্সট মেসেজ বা সরাসরি অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে। মেটা জানিয়েছে, ২০২৬ সালের শেষের দিকে বিশ্বের সমস্ত দেশেই এই ফিচারটি ছড়িয়ে দেওয়া হবে। অভিভাবকরা যদি ইনস্টাগ্রামের ‘Parental Supervision Tool’ চালু রাখেন, তবেই এই বাড়তি সুরক্ষা পাবেন।
উল্লেখ্য, ইনস্টাগ্রাম ইতিমধ্যেই আত্মহত্যা সংক্রান্ত শব্দগুলোর অনুসন্ধান বন্ধ করেছে এবং ব্যবহারকারীদের হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। তবুও অনেক সময় কিশোর-কিশোরীরা নানা কৌশলে এই ধরনের কনটেন্ট খোঁজার চেষ্টা করে। অভিভাবকরা সময়মতো এই অ্যালার্ট পেলে সন্তানের মানসিক অবস্থা বুঝে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের কুফল রুখতে বিশ্বের বিভিন্ন দেশে মেটা প্রবল চাপের মুখে পড়ছিল। এমনকি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধও করেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেটার এই নতুন পদক্ষেপ শিশুদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।