মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা, ১৫ হাজার ফুট উচ্চতা! বরফজমা লেকের ওপর দৌড়ে বিশ্বরেকর্ড বাংলার ঋত্বিকের!

লাদাখের প্যাংগং লেকের জমাট বাঁধা বরফের ওপর আয়োজিত হল চতুর্থ ‘প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন’। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় এবং মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত এই দৌড় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের উচ্চতম ও শীতলতম ম্যারাথনের স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করে নজর কেড়েছেন ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (BNCCI)-র অধিকর্তা ঋত্বিক দাস।
ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ম্যারাথন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং হিমবাহ সংরক্ষণের এক জোরালো বার্তা। ঋত্বিক দাস এই সাফল্যে গর্বিত হওয়ার পাশাপাশি বাংলার পরিবেশ রক্ষায় এক বিশেষ ‘ব্লুপ্রিন্ট’-এর কথা জানিয়েছেন। পরিবেশবিদ সোনম ওয়াংচুকের আদর্শে অনুপ্রাণিত এই দৌড় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরেছে। এ বছর লাদাখে কম তুষারপাত হওয়ায় হিমবাহ রক্ষার যে ডাক দেওয়া হয়েছে, ঋত্বিক বাবু সেই একই সচেতনতা সুন্দরবন, সাগর দ্বীপ ও উত্তরবঙ্গের নদীবিধৌত অঞ্চলের সুরক্ষায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। খেলাধুলার মাধ্যমে পরিবেশ রক্ষার এই অভিনব মেলবন্ধন আগামী দিনে বাংলাতেও নতুন দিশা দেখাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।