‘কোর সিট’ ছাড়া হবে না, দরকারে অন্য জায়গায় বলিদান! বামেদের সঙ্গে রুদ্ধশ্বাস বৈঠকের পর হুঙ্কার নওশাদের!

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের আলোচনায় বসলেন বাম নেতৃত্ব এবং আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। বুধবার আলিমুদ্দিনের এই রুদ্ধশ্বাস বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং আইএসএফ প্রতিনিধি দল। গত মঙ্গলবার জোটের সলতে পাকানো শুরু হলেও বুধবারের বৈঠকটি ছিল আসন সমঝোতা চূড়ান্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠক শেষে নওশাদ সিদ্দিকী সংবাদমাধ্যমকে জানান, তাঁরা জোটের স্বার্থে নমনীয় হতে রাজি। নওশাদের কথায়, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বৃহত্তর স্বার্থে অনেক সিটই বলিদান দিতে পারি, কোন কোন জায়গা ছাড়তে আমরা রাজি তাও জানানো হয়েছে। তবে আমাদের ‘কোর সিট’ (Core Seats) বা যে আসনগুলোতে আমাদের জেতার সম্ভাবনা প্রবল, সেগুলো কোনোভাবেই ছাড়া হবে না।” নওশাদ আরও যোগ করেন যে, বামেরা দু-একদিন সময় চেয়েছে এবং খুব দ্রুতই চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী।

দক্ষিণ ২৪ পরগনায় কি পাল্লা ভারী আইএসএফ-এর? সূত্রের খবর, আলোচনার কেন্দ্রে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো। বিশেষ করে ভাঙড় আসনটি নওশাদের নিজের দখলে থাকায় ওই জেলার বড় অংশ আইএসএফ-এর জন্য বরাদ্দ রাখা হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা ও মালদা-মুর্শিদাবাদের কয়েকটি আসন নিয়েও দরকষাকষি চলছে।

অমিমাংসিত আসন নিয়ে জট: মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু আসনে দুই পক্ষই অনড় থাকলেও, বুধবারের আলোচনায় সেই জট কিছুটা আলগা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে। তবে নির্দিষ্ট কিছু ‘কোর সিট’ নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি আলিমুদ্দিন ও ভাঙড়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, সব দিক বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল ও বিজেপি-বিরোধী ভোটকে একছাতায় আনতেই কি এই ‘ত্যাগ’ ও ‘বলিদান’-এর ফর্মুলা? উত্তর মিলবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই।