মরণ-বাঁচন ম্যাচ! আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে স্পিন-জাঁলে কি কুপোকাত হবে টিম ইন্ডিয়া?

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য আজকের দিনটি আক্ষরিক অর্থেই ‘রিস্টার্ট’ বাটন টিপে দেওয়ার মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর ভারত এখন খাদের কিনারায়। আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটি জিতলেই কেবল হবে না, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয় দরকার বড় ব্যবধানে।

স্পিন অস্ত্র বনাম ভারতের চিন্তা: চেন্নাইয়ের পিচ প্রথাগতভাবেই স্পিন সহায়ক। নেটে দীর্ঘক্ষণ অফ-স্পিনের বিরুদ্ধে অনুশীলন করেছেন অভিষেক শর্মা ও তিলক বর্মারা। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দর রাজা তাঁর স্পিন জাঁলে ভারতকে আটকাতে মুখিয়ে আছেন। গ্রিম ক্রিমার বা মাসাকাদজার মতো বোলাররা আজ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। পাশাপাশি ব্লেসিং মুজারাবানির গতিও চিন্তায় রাখবে ভারতীয় টপ-অর্ডারকে।

দলে একঝাঁক রদবদল? খবর অনুযায়ী, আজ অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। তিনে ঈশান কিষাণ এবং চারে সূর্যকুমার বা তিলক নামতে পারেন। পরপর ৫টি ম্যাচে ‘ডাক’ মারার রেকর্ড গড়া অভিষেক শর্মার কাছে আজ নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। ওয়াশিংটন সুন্দরের বদলে দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ব্যাটিংয়ে ডান এবং বাম-হাতি কম্বিনেশন বজায় রাখাই এখন কোচ গৌতম গম্ভীরের প্রধান লক্ষ্য।

দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে উইন্ডিজকে হারিয়ে সেমির পথে এক পা বাড়িয়ে রেখেছে। আজ ভারত হারলে বিশ্বকাপের যাত্রা আজই থমকে যেতে পারে। তাই গম্ভীরের মাস্টারপ্ল্যান আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে কতটুকু কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।