১ কোটি ২০ লক্ষ নাম বাদ? ভোটার তালিকা নিয়ে মমতার ভয়ঙ্কর আশঙ্কায় তোলপাড় রাজ্য!

রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। বুধবার ভবানীপুরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ইস্যুতেই সুর চড়ান তিনি। কেন্দ্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত দিয়ে মমতা স্পষ্ট জানান, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা তিনি বরদাস্ত করবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। এখন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নাম করে আরও ৮০ লক্ষ নাম লুকিয়ে লুকিয়ে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। যদি ধরেও নিই ২০ লক্ষ মানুষ মারা গিয়েছেন, তাহলেও বাকি প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম কেন কাটা হবে?” তাঁর দাবি, এই প্রক্রিয়ায় এমন কিছু নিয়ম ব্যবহার করা হচ্ছে যা আগে ছিলই না।

সুপ্রিম কোর্টে আইনি লড়াই: বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, আদালত নির্দেশ দিলেও সেই কাজ ঠিকমতো হচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “আদালতের আদেশের পর এতদিন কেটে গেলেও ২৮ তারিখ যে তালিকা প্রকাশ হবে, তাতে কী থাকবে? ১৪ তারিখ পেরিয়ে যাওয়ার পরেও এই ‘ছুপা রুস্তমরা’ আড়ালে কী করছে?” তাঁর আশঙ্কা, ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের পর লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যেতে পারে।

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে মানবিক আবেদন: তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন, এটি কোনো দলীয় লড়াই নয়। তিনি বলেন, “কে হিন্দু, কে মুসলিম, কে তৃণমূল বা কে বিজেপি—সেটা বড় কথা নয়। আমি মানবতার পক্ষে। প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকতে হবে। যাঁদের সব নথিপত্র থাকা সত্ত্বেও নাম বাদ যাবে, আমি তাঁদের পাশে থাকব।” তাঁর সাফ কথা, “জিও অওর জিনে দো” (বাঁচো এবং বাঁচতে দাও)। আগামী ২৮ তারিখ ভোটার তালিকায় বড়সড় কোনো অসঙ্গতি ধরা পড়লে রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ করবে, সেই বার্তাও এদিন দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী।