‘ইজরায়েলের পাশে ভারত, আজও এবং ভবিষ্যতেও…’— নেসেটে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে কড়া হুঁশিয়ারি মোদীর

ইজরায়েল সফরে গিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলের সংসদ ‘নেসেট’-এ ভাষণ দিলেন তিনি। তাঁর বক্তৃতায় উঠে এল দুই দেশের আত্মিক টান, ঐতিহাসিক লড়াই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের অঙ্গীকার। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই বিপদের সময়ে ভারত পূর্ণ সংহতি নিয়ে ইজরায়েলের পাশে আছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করে মোদী বলেন, “সেই নৃশংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি ভারতের ১৪০ কোটি মানুষের সমবেদনা রয়েছে। আমরা আপনাদের দুঃখ বুঝি।” তিনি আরও মনে করিয়ে দেন যে, ভারত নিজেও দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের শিকার। মুম্বইয়ের ২৬/১১ হামলার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানেও ইজরায়েলি নাগরিকরা প্রাণ হারিয়েছিলেন, যা আজও এক দগদগে ক্ষত। প্রধানমন্ত্রীর সাফ বার্তা— “নাগরিক হত্যাকে কোনো যুক্তি দিয়েই সঠিক প্রমাণ করা যায় না।”
বক্তৃতার অন্য এক অংশে মোদী স্মরণ করেন ১৯১৮ সালের হাইফা যুদ্ধের বীরগাথা। প্রথম বিশ্বযুদ্ধে ৪ হাজারেরও বেশি ভারতীয় সৈনিকের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে এই মাটির যোগ রক্ত দিয়ে লেখা। দুদিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও জল সংরক্ষণ নিয়ে একাধিক মউ (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফর যে দুই দেশের কৌশলগত বন্ধুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, তা বলাই বাহুল্য।