সরকারি হাসপাতালে ওষুধের পাহাড়! ড্রেনে কেন ফেলে দেওয়া হল দামী ড্রাগ? বাদুড়িয়ার ঘটনায় চক্ষু চড়কগাছ!

ছাগল বাঁধা উঠোন, যত্রতত্র ছড়িয়ে বিড়ি-সিগারেটের প্যাকেট আর মদের বোতল। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, আর অন্ধকার ঘরে বাসা বেঁধেছে মাকড়সা। এ কোনো পোড়ো বাড়ির গল্প নয়, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কঙ্কালসার ছবি। তবে এই অব্যবস্থার মাঝে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো হাসপাতালের ড্রেনে পড়ে থাকা ওষুধের পাহাড়!

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে ওষুধ রোগীদের জীবন বাঁচাতে পারত, তা আজ ড্রেনে পচছে। সাধারণ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো ওষুধ পায় না বলে অভিযোগ, অথচ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সিরাপ, ট্যাবলেট ও ক্যাপসুল মেয়াদ উত্তীর্ণ (Expired) হওয়ায় ফেলে দেওয়া হয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, রোগীদের ওষুধ না দিয়ে কেন তা জমিয়ে রেখে নষ্ট করা হলো? এলাকাবাসীর দাবি, হাসপাতালে ডাক্তারের দেখাই মেলে না, ফলে রোগীদের ওষুধ দেবেন কে? এই খোলা ড্রেনে পড়ে থাকা ওষুধ শিশুদের নাগালে চলে আসায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা।

হাসপাতালের এক নার্স অদ্ভুত সাফাই দিয়ে জানিয়েছেন, স্টোর রুমে উইপোকা লাগায় এবং ওষুধ নষ্ট হয়ে যাওয়ায় সেগুলি গর্তে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি নিয়ম ভেঙে কেন এইভাবে উন্মুক্ত স্থানে ওষুধ ফেলা হলো? বাদুড়িয়ার বিএমওএইচ (BMOH) অবশ্য দায় এড়াতে চেয়েছেন। তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই, তবে চিকিৎসকের অভাব থাকায় নিয়মিত পরিষেবা ব্যাহত হচ্ছে। এখন দেখার, সরকারি টাকার এই বিপুল অপচয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকির দায় শেষ পর্যন্ত কে নেয়।