ভোটের আগেই কাঁপবে বাংলা! রাত পোহালেই আসছে কেন্দ্রীয় বাহিনী, সবার নজর শুভেন্দুর গড়ে!

বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। আর তার ঠিক আগেই সীমান্ত থেকে মফস্বল— সর্বত্র টহল দিতে রাজ্যে ঢুকে পড়ছে কেন্দ্রীয় বাহিনী। খবর অনুযায়ী, শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে শুরু করবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তালিকায় জানানো হয়েছে, আপাতত ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় আসছে। যার মধ্যে সবথেকে বেশি নজর দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে; সেখানে এক ধাক্কায় ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পিছিয়ে নেই কলকাতাও, তিলোত্তমায় মোতায়েন থাকবে ১২ কোম্পানি ফোর্স। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদহে ১২ কোম্পানি এবং বীরভূমে ৭ কোম্পানি বাহিনী আসছে। অশান্তির আশঙ্কায় সুন্দরবন এলাকাতেও পাঠানো হচ্ছে ৪ কোম্পানি বাহিনী। এর পরবর্তী ধাপে আরও ২৪০ কোম্পানি ফোর্স ধাপে ধাপে রাজ্যে প্রবেশ করবে, অর্থাৎ ভোটের আগে মোট ৪৮০ কোম্পানি বাহিনীতে মুড়ে ফেলা হবে বাংলাকে।

ইতিমধ্যেই বাহিনীর জওয়ানরা ট্রেনের মাধ্যমে বাংলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, বাহিনী পৌঁছানোর ১-২ দিনের মধ্যেই নির্দিষ্ট জেলায় তাঁদের রুট মার্চ শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের দিন সম্ভাব্য বিক্ষোভ রুখতে এবং স্পর্শকাতর বুথগুলিতে শান্তি বজায় রাখতে বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। মূলত রুট মার্চের মাধ্যমেই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনাই কমিশনের প্রাথমিক লক্ষ্য।