গভীর ষড়যন্ত্র’! এনসিইআরটি-র ডিরেক্টরকে তলব সুপ্রিম কোর্টের, পাঠ্যবই থেকে অধ্যায় সরানোর নির্দেশ!

পাঠ্যবইয়ের পাতায় বিচারব্যবস্থাকে কলঙ্কিত করার অভিযোগে উত্তাল গোটা দেশ। এনসিইআরটি (NCERT)-র অষ্টম শ্রেণির একটি বইয়ে ‘বিচারব্যবস্থার দুর্নীতি’ সংক্রান্ত অধ্যায় থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ঘটনাকে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে অভিহিত করে সংশ্লিষ্ট বইটি অবিলম্বে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বইটির সমস্ত অনলাইন পিডিএফ সংস্করণ সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ কেন্দ্রকে তুলোধনা করে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যে কেউ এই প্রতিষ্ঠানকে (বিচারব্যবস্থা) অসম্মান করবে, তা আমরা মেনে নেব না। এই পাঠ্যবইয়ের শব্দ চয়ন কোনো ভুল নয়, বরং এটি পরিকল্পিতভাবে বিচারব্যবস্থাকে খাটো করার চেষ্টা।” কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা নিঃশর্ত ক্ষমা চাইলেও আদালত সন্তুষ্ট হয়নি। প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ, “তারা গুলি ছুড়েছে, আজ বিচারব্যবস্থা রক্তাক্ত হয়েছে।”
আদালত অবমাননার অভিযোগে শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা সচিব এবং এনসিইআরটি-র ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তুষার মেহতা জানান, বিতর্কিত বইগুলি বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আদালত আরও গভীর তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন, “কে এই কাজ করেছে তাকে খুঁজে বের করা আমার কর্তব্য। যতক্ষণ না তদন্তে সন্তুষ্ট হচ্ছি, শুনানি বন্ধ হবে না।” আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।