স্কুলের মাঠে লুটিয়ে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্রী, রাজস্থানে মর্মান্তিক মৃত্যুতে উঠে এল হাড়হিম করা তথ্য!

রাজস্থানের গোটানে একটি বেসরকারি স্কুলে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। স্কুলের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯ বছর বয়সি এক ছাত্রীর। পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর এই মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মৃত্যুর নেপথ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত ও করুণ সমাপতন।
জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা নাগাদ স্কুলের প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে মাঠে খেলছিল একদল পড়ুয়া। সেই দলেই ছিল ওই নাবালিকা। আচমকাই সে বুকে অসহ্য ব্যথা অনুভব করে এবং মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। স্কুলের কর্মীরা তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে এক ভয়াবহ তথ্য। ঠিক চার মাস আগে, গত বছর ৯ সেপ্টেম্বর একইভাবে ওই নাবালিকার দাদাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। বাড়িতে খেলাধুলা করার সময় সেও একইভাবে জ্ঞান হারিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের দুই সুস্থ সবল শিশু হৃদরোগের শিকার হল। পুলিশ জানায়, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের পক্ষ থেকে ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
সম্প্রতি অল্পবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ডিসেম্বরে উত্তরপ্রদেশের আলিগড়ে দৌড় প্রতিযোগিতার প্রস্তুতির সময় ১৪ বছরের এক কিশোর, মোহিত চৌধুরীরও একইভাবে মৃত্যু হয়েছিল। লখনউ এবং লোধিনগরেও পরপর এমন ঘটনা চিকিৎসকদের চিন্তায় ফেলেছে। চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে এই ধরণের সাইলেন্ট হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ খতিয়ে দেখা প্রয়োজন।