৫ মার্চ চার হাত এক হচ্ছে অর্জুন-সানিয়ার, হবু বউমাকে নিয়ে কী বিশেষ বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার?

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের পরিবারে এখন উৎসবের মেজাজ। জীবনের এক নতুন ইনিংসে পা রাখতে চলেছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী তথা সফল ব্যবসায়ী সানিয়া চান্দ্রোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের জমকালো অনুষ্ঠান। আর এই বিশেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা সচিন তেন্ডুলকরের এক অত্যন্ত আবেগঘন বার্তা।
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে সচিনকে তাঁর ছেলে এবং হবু পুত্রবধূর সম্পর্কে মন খুলে কথা বলতে দেখা গিয়েছে। অর্জুন ও সানিয়ার রসায়ন নিয়ে সচিন বলেন, “যখন ছেলে কোনও মেয়েকে বাড়িতে প্রথমবার পরিচয় করাতে নিয়ে আসে, তখনই বোঝা যায় সে অনেকটা বড় হয়ে গিয়েছে। ওরা দুজনে একে অপরের প্রেমে পাগল।” শুধু তাই নয়, নিজের সুযোগ্য সন্তানের উদ্দেশ্যে কিংবদন্তি ক্রিকেটার বলেন, “অর্জুন, তোমার জন্য আমি ভীষণ গর্বিত। তুমি এমন একজনকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছ, যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।”
২০২৫ সালের অগস্ট মাসে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছিল। সানিয়া মুম্বইয়ের এক অভিজাত ব্যবসায়ী পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরেই তেন্ডুলকর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ৫ মার্চের এই রাজকীয় বিয়ের আসরে উপস্থিত থাকতে পারেন দেশের তাবড় ব্যক্তিত্বরা। সম্ভাব্য অতিথি তালিকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে বলে জানা যাচ্ছে।
ক্রিকেট মাঠেও অর্জুন নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাঁ-হাতি পেসার হিসেবে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পাশাপাশি ২০২২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেকেই শতরান করে বাবার রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে এবার লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন। জীবনের নতুন ইনিংসের পাশাপাশি বাইশ গজে লখনউয়ের জার্সিতে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।