সেলিম খান কি এখন বিপদমুক্ত? আইসিইউ-র বাইরে থেকে বড় আপডেট দিলেন আমির খান!

বলিউডের সুপারস্টার সলমন খানের পরিবারে উদ্বেগের কালো মেঘ। বর্ষীয়ান চিত্রনাট্যকার তথা ‘ভাইজান’-এর বাবা সেলিম খান বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৭ ফেব্রুয়ারি আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান এই ব্যক্তিত্ব মাইনর ব্রেন হ্যামারেজে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ-তে (ICU) পর্যবেক্ষণে রয়েছেন।

সম্প্রতি সেলিম খানকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিশিষ্টজনেরা। হাসপাতাল থেকে বেরিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিম খানের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন আমির। তিনি জানান, “আমি সেলিম সাহেবকে দেখতে গিয়েছিলাম। তবে তিনি আইসিইউ-তে থাকায় সরাসরি তাঁর কেবিনে প্রবেশ করা সম্ভব হয়নি। আমি ওঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি।”

আমির আরও জানান যে, সেলিম খানের কন্যা আলভিরা খান অগ্নিহোত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আলভিরার কথা অনুযায়ী, সেলিম খানের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমির বলেন, “আলভিরা জানিয়েছে যে ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমরা সবাই প্রার্থনা করছি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।”

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি সকালে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করার খবর চাউর হতেই উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা বলিউড। খবর পাওয়া মাত্রই সলমন খান সমস্ত কাজ ফেলে হাসপাতালে পৌঁছান। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য— আরবাজ খান, সোহেল খান, আলভিরা ও অতুল অগ্নিহোত্রী এবং অর্পিতা ও আয়ুশ শর্মা।

গত ২৪ নভেম্বর ৯০ বছরে পা দিয়েছেন এই কিংবদন্তি চিত্রনাট্যকার। ১৯৭০ এবং ৮০-র দশকে জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি ভারতীয় সিনেমাকে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’ এবং ‘ডন’-এর মতো কালজয়ী ছবি উপহার দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য। বর্তমানে গোটা দেশ তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে।