স্থায়ী ডিজি নিয়োগে কাটছে জট! নবান্নের কাছে ৮ আইপিএসের তালিকা চাইল কেন্দ্র

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্থায়ী ডিরেক্টর জেনারেল (DG) নিয়োগ নিয়ে দীর্ঘদিনের টালবাহানা এবার কাটতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে নবান্ন এখন স্থায়ী ডিজিপি পদের জন্য যোগ্য আইপিএস অফিসারদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ডিজি পদে উন্নীত হয়েছেন এমন সমস্ত আধিকারিকদের নাম পাঠাতে হবে।

নবান্ন সূত্রে খবর, আগামী শুক্রবারের মধ্যেই এই তালিকা দিল্লিতে পাঠানো হতে পারে। এই তালিকায় প্রথম সারিতে রয়েছেন ১৯৯১ ব্যাচের আইপিএস তথা বর্তমান ডিজি (ফায়ার) অনুজ শর্মা। তালিকায় আরও রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে (১৯৯৩ ব্যাচ), ডিজি হোমগার্ড এন আর বাবু, ডিজি (কারেকশনাল সার্ভিস) সিদ্ধিনাথ গুপ্তা এবং ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ মোট ৮ জন অভিজ্ঞ আইপিএস আধিকারিকের নাম।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাজীব কুমার অবসর নেওয়ার পর থেকেই রাজ্য পুলিশে স্থায়ী ডিজির পদটি শূন্য ছিল। সেই সময় নির্দিষ্ট প্রক্রিয়ার জটিলতায় কোনো নাম পাঠাতে না পারায় পীযূষ পাণ্ডেকে ‘ভারপ্রাপ্ত’ ডিজি হিসেবে নিয়োগ করেছিল রাজ্য। তবে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান এবং ইউপিএসসির সাম্প্রতিক চিঠির পর এবার পাকাপাকিভাবে রাজ্যের পুলিশ প্রধান বেছে নেওয়ার প্রক্রিয়া গতি পেল। এখন দেখার, কেন্দ্রের অনুমোদনে শেষ পর্যন্ত কার মাথায় ওঠে রাজ্য পুলিশের মুকুট।