সীমান্তের ১০ কিমি এলাকা হবে সাফ! বঙ্গে বিজেপি সরকার গড়লে প্রথম কাজ কী? খোলসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপাল সীমান্তবর্তী বিহারের আরারিয়া থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় আত্মবিশ্বাসের সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। বৃহস্পতিবার সীমান্ত চৌকি ‘লেটি’ ও ‘ইন্দারওয়া’-র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ সাফ জানান, পশ্চিমবঙ্গে আসন্ন ভোটে বিজেপিই সরকার গড়বে। আর ক্ষমতায় এসেই তাঁদের প্রথম লক্ষ্য হবে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ভারতের বাইরে পাঠানো।

অমিত শাহের কথায়, “আমি সীমাঞ্চলের মানুষকে দেওয়া পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে এসেছি। সময় হয়েছে তা পূরণ করার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রধান এজেন্ডা হবে সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা এবং প্রতিটি অনুপ্রবেশকারীকে বেছে বেছে বহিষ্কার করা।” তিনি স্পষ্টভাবে জানান, অনুপ্রবেশ রুখতে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম মোছাই শেষ কথা নয়, বরং দেশ থেকে তাঁদের সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর মোদী সরকার।

এদিন অনুপ্রবেশ মোকাবিলায় একটি বড়সড় ‘অ্যাকশন প্ল্যান’-এর ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিহারের স্বরাষ্ট্র দপ্তর এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এই অভিযানের আওতায় সীমান্তের ১০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সমস্ত বেআইনি বসতি খতিয়ে দেখা হবে। এসএসবি-র অফিসারদের একটি নির্দিষ্ট এসওপি (SOP) তৈরির নির্দেশ দিয়ে শাহ বলেন, অনুপ্রবেশকারীরা দরিদ্র মানুষের খাবার এবং কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তকে অনুপ্রবেশমুক্ত করাই এখন কেন্দ্রের পাখির চোখ।