ইজরায়েলের পার্লামেন্টে ‘মোদী মোদী’ স্লোগান! নেসেট পদক পেয়ে বিশ্ব রাজনীতিতে ইতিহাস গড়লেন নমো

আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের জয়জয়কার। ইজরায়েলের সর্বোচ্চ সংসদীয় সম্মান ‘স্পিকার অব দ্য নেসেট’ মেডেল-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম বিশ্বনেতা হিসেবে ইজরায়েলের পার্লামেন্টের এই অনন্য সম্মান পেলেন। এদিন প্রধানমন্ত্রীর ভাষণ শেষে গোটা নেসেট (ইজরায়েলি পার্লামেন্ট) করতালিতে ফেটে পড়ে এবং কক্ষের ভিতর প্রতিধ্বনিত হতে থাকে “মোদী, মোদী” স্লোগান।

ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। ভাষণের শেষে প্রধানমন্ত্রী যখন হিব্রু ভাষায় ‘আম ইজরায়েল চাই’ (ইজরায়েলের জনগণ বেঁচে থাকুক) বলেন, তখন সরকারি ও বিরোধী— উভয় পক্ষের সদস্যরাই উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। এমনকি মোদীর সম্মানে এই প্রথমবার ইজরায়েলি সংসদ ভবনকে ভারতের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছিল।

ইজরায়েলি প্রোটোকল অনুযায়ী, বিমান বন্দরে কেবল মার্কিন প্রেসিডেন্ট বা পোপকে স্বাগত জানানো হয়। কিন্তু মোদীর ক্ষেত্রে সেই নিয়ম ভেঙে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, মোদীই বিশ্বের একমাত্র নেতা যিনি ২০১৮ সালে প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কলার’ পাওয়ার পর এবার ইজরায়েলেরও সর্বোচ্চ সম্মান পেলেন। ২০১৭ সালে তাঁর সম্মানে ইজরায়েলে একটি ফুলের নাম রাখা হয়েছিল ‘MODI’। সব মিলিয়ে মোদীর এই সফর দুই দেশের বন্ধুত্বের এক নতুন অধ্যায় সূচনা করল।