কলকাতায় ডিএ যুদ্ধের আঁচ! ডোরিনা ক্রসিংয়ে অবরোধ, আন্দোলনের মঞ্চে হাজির আরজি করের নির্যাতিতার বাবা-মা

বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে ফের রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার ধর্মতলা চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য না করায়, বৃহস্পতিবার ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক দেন কয়েক হাজার সরকারি কর্মী। পুলিশের ব্যারিকেড আর আন্দোলনকারীদের পালটা অবরোধে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শহর।

বৃহস্পতিবার দুপুরে সরকারি কর্মীরা মিছিল নিয়ে কালীঘাটের দিকে এগোতে চাইলে কলকাতা মিউজিয়ামের কাছে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এর প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট দাবি—মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। একদিকে পুলিশের ব্যারিকেড, অন্যদিকে আন্দোলনকারীদের রাজপথ অবরোধ—এই দুইয়ের জাঁতাকলে পড়ে নাজেহাল সাধারণ মানুষ। বাস-গাড়ি ঘুরিয়ে দিলেও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ।

আন্দোলনকারীদের ক্ষোভ মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়া নিয়ে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এর মধ্যে ২৫ শতাংশ ডিএ আগামী ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ থাকলেও সরকারের তরফে কোনো বিবৃতি মেলেনি। বাকি ৭৫ শতাংশ মেটানোর জন্য আদালত একটি বিশেষ কমিটি গঠন করেছে। এদিন আন্দোলনের মঞ্চে যোগ দিয়ে সংহতি জানিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা ও মা-ও। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দাবি না মানলে তাঁরা প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে সরকারের বিরুদ্ধে প্রচার চালাবেন।