হ্যাকারদের কবলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’! নবান্নের মেগা সোশ্যাল পেজ হ্যাক হতেই শোরগোল নবান্নে

খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগ ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র (Sorashori Mukhyomantri) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড! এই হাইপ্রোফাইল ডিজিটাল হানার ঘটনায় রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, হ্যাকাররা গত গভীর রাতে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছু অননুমোদিত কাজ করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হ্যাকাররা অত্যন্ত পরিকল্পনা মাফিক দু’দফায় এই হানা দেয়। প্রথম দফায় রাত ২টো ৬ মিনিট থেকে ২টো ১৯ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় দফায় সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিট পর্যন্ত অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়। এই সময়ের মধ্যে মোট ৪৭টি অননুমোদিত মেসেজ পাঠানো হয়েছে। আশ্চর্যের বিষয় হল, এই মেসেজগুলি পাঠানো হয়েছে নবান্নের নিজস্ব প্রচার পেজ ‘এগিয়ে বাংলা’ এবং কলকাতা পুলিশের মতো সরকারি দপ্তরের পেজগুলিতে।

শুধু মেসেজ পাঠিয়েই ক্ষান্ত থাকেনি হ্যাকাররা, দুটি স্টোরিও আপলোড করেছে তারা। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাকাউন্ট ব্যবহারের জন্য নির্দিষ্ট একটি মোবাইল, ল্যাপটপ এবং অফিস ডেস্কটপই অনুমোদিত ছিল। সেই ত্রিস্তরীয় নিরাপত্তা ভেঙে কীভাবে চতুর্থ কোনো ডিভাইস থেকে লগ-ইন করা সম্ভব হলো, তা নিয়ে অবাক সাইবার বিশেষজ্ঞরা। হ্যাকিং টের পাওয়ার সঙ্গে সঙ্গেই পাসওয়ার্ড পরিবর্তন করে তথ্য ও স্ক্রিনশট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে হ্যাকারদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভবিষ্যতে সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির নিরাপত্তা ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’-সহ আরও জোরদার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।