ভোটের আগে রণক্ষেত্র জলপাইগুড়ি! বিজেপি নেতার বুকে ছুরি বসাল দুষ্কৃতী, এলাকায় ব্যাপক উত্তেজনা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ। বুধবার রাতে জলপাইগুড়ির হলদিবাড়ি ব্লকের নগর সাহেবগঞ্জ লীলাহাটি গ্রামে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আক্রান্ত নেতার নাম তপন রায়। তিনি পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দেওয়ানগঞ্জ বাজার থেকে কেনাকাটা সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তপনবাবু। অভিযোগ, বাড়ির কাছেই এক যুবক তাঁর পথ আটকে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছুরি বের করে সরাসরি বিজেপি নেতার বুকে আঘাত করে ওই দুষ্কৃতী। তপন রায়ের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
গ্রামবাসীদের দাবি, প্রভাস মণ্ডল নামে স্থানীয় এক যুবক এই হামলা চালিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এদিকে বিজেপির জেলা কমিটির সদস্য অপূর্ব রায়ের অভিযোগ, “এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হামলা। বিজেপিকে ভয় দেখাতে বেছে বেছে আমাদের সক্রিয় কর্মীদের টার্গেট করা হচ্ছে।” অন্যদিকে, নিহতের স্ত্রী শুক্লা রায় এবং মা কল্পনা রায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হলদিবাড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।