‘ও অলরাউন্ডারই নয়!’ শিবম দুবেকে তুলোধোনা করে হার্দিক-সঞ্জু নিয়ে বিস্ফোরক মহম্মদ কাইফ

জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচের আগে ভারতীয় শিবিরের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। তাঁর নিশানায় এবার দলের অন্যতম বড় ভরসা শিবম দুবে। কাইফের সাফ কথা, শিবম দুবে কোনোভাবেই অলরাউন্ডার নন, তিনি স্রেফ একজন ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুবের সাম্প্রতিক বোলিং পারফরম্যান্স দেখার পরেই এমন কড়া মন্তব্য করেছেন কাইফ।

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে ২ ওভারে ৩২ রান খরচ করেছিলেন দুবে। যদিও এক উইকেট পেয়েছিলেন, কিন্তু তাঁর ইকোনমি রেট ছিল আকাশছোঁয়া। চলতি বছরে ১০ ম্যাচে ৭ উইকেট পেলেও তাঁর ইকোনমি ১০-এর উপরে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বেগের বিষয়। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, “দশম ওভারে ব্রেভিসকে যেভাবে দুবে ওয়াইড বল করছিল, তাতে ওর রক্ষণাত্মক মানসিকতা ফুটে ওঠে। এই সময়ে কেউ এমন বল করে না। আমার মতে, শিবম স্রেফ একজন ব্যাটার, অলরাউন্ডার নয়।”

কাইফ আরও যোগ করেন যে ভারতের এমন অলরাউন্ডার দরকার নেই যে ১২০ কিমি গতিতে বল করে রান বিলিয়ে দেবে। বরং এমন কাউকে প্রয়োজন যে মাঝেমধ্যে উইকেট তুলে নেবে এবং প্রয়োজনে চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাবে। দুবের পাশাপাশি ভারতের ব্যাটিং লাইনআপের ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টপ ৮ ব্যাটারের মধ্যে ৬ জনই বাঁ-হাতি হওয়ায় বিপক্ষ বোলারদের সুবিধা হচ্ছে বলে মনে করেন কাইফ। তাঁর পরামর্শ, “লেফট-রাইট কম্বিনেশন ঠিক করতে জিম্বাবোয়ে ম্যাচে সঞ্জু স্যামসনকে অবশ্যই খেলানো উচিত।” ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ভারতকে, তার আগে কাইফের এই মন্তব্য টিম ম্যানেজমেন্টের ওপর চাপ বাড়াল বলেই মনে করা হচ্ছে।