বঙ্কিম-বংশের হাত ধরল বিজেপি! ‘বন্দে মাতরম’ মন্ত্রে বাংলায় বদলের ডাক সুমিত্র চট্টোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচনের আগে ফের ‘বাঙালি অস্মিতা’কে হাতিয়ার করল বিজেপি। বৃহস্পতিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন। তাঁকে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
শ্রম দফতরের প্রাক্তন আধিকারিক সুমিত্রবাবু যোগ দিয়েই রাজ্য সরকারের ‘যুবশ্রী’ প্রকল্পের সমালোচনা করে বেকারত্ব ইস্যুতে সরব হন। তিনি জানান, রাজ্যে বেকারদের কোনো সঠিক পরিসংখ্যান নেই এবং উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে এসেছেন। অন্যদিকে, ভূপেন্দ্র যাদব বলেন, “বন্দে মাতরম একতার প্রতীক। বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যের এই যোগদান পরিবর্তনকামী মানুষকে আরও উদ্বুদ্ধ করবে।” রাজনৈতিক মহলের মতে, সুমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে সামনে এনে বিজেপি বুদ্ধিজীবী ও প্রশাসনিক স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে।