দিল্লি বনাম হিমাচল পুলিশ! নাটকীয় টানাপোড়েন শেষে ৩ যুব কংগ্রেস কর্মীকে দিল্লি নিয়ে গেল পুলিশ

দিল্লিতে আয়োজিত ‘AI Impact Summit’-এ জামা খুলে বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে অভিযুক্ত তিন যুব কংগ্রেস কর্মীকে নিয়ে দিল্লি ও হিমাচল পুলিশের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছায়। অভিযুক্তরা হলেন— সৌরভ সিং (২৮), সিদ্ধার্থ অবধূত (৩৩) এবং আরবাজ খান (২৪)। গত বুধবার হিমাচলের চিরগাঁও মান্ডালির একটি রিসোর্ট থেকে দিল্লি পুলিশ তাঁদের আটক করলে গোলমালের সূত্রপাত।

হিমাচল পুলিশের দাবি ছিল, ভিন রাজ্যের পুলিশ হিসেবে দিল্লি পুলিশ গ্রেফতারির সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। এমনকি দিল্লি পুলিশের গাড়ি থামিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় শিমলা পুলিশ। দিনভর এই বিবাদের পর রাত ১টা নাগাদ স্থানীয় আদালত দিল্লি পুলিশের পক্ষে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। দিল্লি নিয়ে যাওয়ার আগে আম্বালা সিভিল হাসপাতালে তাঁদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। আইনজীবী নন্দ লাল ঠাকুর জানিয়েছেন, অভিযুক্তদের দিল্লিতে নিয়ে গিয়ে সেখানকার আদালতে পেশ করা হবে।