সিপিএমের প্রার্থী তালিকায় বড় চমক! সিঙ্গুরে বাদশা মৈত্র, যাদবপুরে সুজন; মীনাক্ষী লড়বেন উত্তরপাড়ায়?

বিধানসভা নির্বাচনে খাতা খুলতে এবার নতুন ও পুরনোদের সংমিশ্রণে বাজিমাত করতে চাইছে সিপিএম। দলীয় সূত্রে খবর, আইএসএফ-কে ৫০টি আসন ছেড়ে দিয়ে বাকি আসনে লড়বে বামেরা। এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হতে পারেন টলিউড অভিনেতা বাদশা মৈত্র, যাঁকে সিঙ্গুর থেকে প্রার্থী করার কথা ভাবছে দল। অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে দমদমে লড়াই করা সুজন চক্রবর্তীকে তাঁর পুরনো দুর্গ যাদবপুরেই ফিরিয়ে আনা হচ্ছে।

এক নজরে সম্ভাব্য তালিকা:

  • মীনাক্ষী মুখোপাধ্যায়: উত্তরপাড়া (হুগলি)

  • দীপ্সিতা ধর: বালি

  • সৃজন ভট্টাচার্য: কসবা (শতরূপ ঘোষের পরিবর্তে)

  • শতরূপ ঘোষ: দমদম উত্তর (তন্ময় ভট্টাচার্যের পরিবর্তে)

  • ঐশী ঘোষ: জামুরিয়া (আসানসোল)

  • কলতান দাশগুপ্ত: বালিগঞ্জ

  • সায়রা শাহ হালিম: এন্টালি

  • দেবদূত ঘোষ: দক্ষিণ কলকাতার কোনো আসন

  • জাকির হোসেন মল্লিক: নন্দীগ্রাম (শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে)

মহম্মদ সেলিম মুর্শিদাবাদের কোনো একটি আসন থেকে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যও প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। প্রতিকুর রহমানের দলত্যাগের পর তরুণ প্রজন্মের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে আলিমুদ্দিন। লক্ষ্য একটাই—বিধানসভায় ফের লাল ঝান্ডা ওড়ানো।