পাঞ্চ’-এর জাদুতে কপাল খুলল আইকিয়া-র! ১,৬০০ টাকার খেলনা বিকোচ্ছে ৩০ হাজারে

জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার ছোট্ট ম্যাকাক বাঁদর ‘পাঞ্চ’-এর একাকীত্বের গল্প ছুঁয়ে গিয়েছিল বিশ্ববাসীকে। জন্মের পর নিজের মায়ের আদর না পাওয়ায় একটি সফট টয় বা নরম পুতুলকেই ‘মা’ এবং ‘বন্ধু’ হিসেবে আপন করে নিয়েছিল সে। কিন্তু এখন সেই সাধারণ খেলনাটিই হয়ে উঠেছে বিশ্বের অন্যতম দামী এবং দুষ্প্রাপ্য বস্তু। আইকিয়া (IKEA)-র ‘Djungelskog’ কালেকশনের এই খেলনাটি, যার আসল দাম ছিল মাত্র ১,৬৫০ টাকা (২০ ডলার), তা এখন অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩০,০০০ টাকায় (৩৫৫ ডলার) বিক্রি হচ্ছে।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, পাঞ্চের ভিডিও ভাইরাল হওয়ার পর আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় এই খেলনাটির চাহিদা তুঙ্গে ওঠে। মুহূর্তের মধ্যে স্টোরগুলি ‘সোল্ড আউট’ হয়ে যাওয়ায় বিভিন্ন ই-কমার্স সাইটে এর দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। ৮,৩০০ টাকা থেকে শুরু করে ২৯,০০০ টাকা পর্যন্ত দামে বিকোচ্ছে পাঞ্চের সেই প্রিয় সঙ্গী। একাকী বাঁদরছানার আবেগঘন ভিডিওটি কেবল মানুষের চোখের জলই ফেলেনি, বরং একটি সাধারণ পুতুলকে রাতারাতি বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত করেছে।