‘NIA কি কেস ডায়েরি নিয়ে পালিয়ে যাবে?’, বেলডাঙা মামলায় রাজ্য পুলিশকে নজিরবিহীন ভর্ৎসনা আদালতের!

মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলার তদন্ত ঘিরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর মধ্যে সংঘাত চরমে পৌঁছাল। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন কেস ডায়েরি হস্তান্তর করা হচ্ছে না, সেই প্রশ্নে রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন এনআইএ বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি। সওয়াল-জবাব চলাকালীন বিচারক বিরক্তির সুরে প্রশ্ন তোলেন, “আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আপনারা কেন তা পালন করছেন না? NIA কি কেস ডায়েরি নিয়ে পালিয়ে যাবে?”

এদিন আদালতে NIA-এর আইনজীবী অভিযোগ করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাঁরা তদন্তভার নিলেও রাজ্য পুলিশ ন্যূনতম সহযোগিতা করছে না। অভিযুক্তদের হেফাজতে না পাওয়ায় তদন্তের গতি রুদ্ধ হয়ে পড়েছে, যার ফলে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে সমস্যা হচ্ছে। এমনকি, তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হতে বাধ্য করা হয়েছে কারণ পুলিশ নথি দিচ্ছে না। অন্যদিকে, রাজ্যের আইনজীবী পালটা যুক্তি দেন যে, এই তদন্তের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই আপাতত শুনানি স্থগিত রাখা হোক।

বিচারক এই যুক্তিতে সন্তুষ্ট হননি। তিনি সাফ জানান, উচ্চ আদালত কেস ডায়েরি হস্তান্তরে কোনো স্থগিতাদেশ দেয়নি। অভিযুক্তদের আইনজীবীরাও বিভ্রান্তিতে পড়েন যে তাঁরা জামিনের আবেদন কার কাছে করবেন। যদিও শেষ পর্যন্ত আদালতের কড়া মনোভাব দেখে কিছুটা পিছু হঠেছে জেলা পুলিশ। পর্যাপ্ত পুলিশ নেই বলে এর আগে তিনবার নির্দেশ এড়ালেও, এদিন ভোরেই কড়া নিরাপত্তায় অভিযুক্তদের বহরমপুর জেল থেকে কলকাতার NIA আদালতে নিয়ে আসা হয়েছে। তবে কেস ডায়েরি হস্তান্তর নিয়ে আইনি লড়াই এখনও অব্যাহত।