সোশ্যাল মিডিয়ায় ইতিহাস, ফলোয়ার সংখ্যায় কাদের-কাদের ছাপালেন মোদী?

বিশ্ব রাজনীতিতে তাঁর দাপট সর্বজনবিদিত, এবার ভার্চুয়াল জগতেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে (Instagram) এক ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর ফলোয়ার সংখ্যা স্পর্শ করল ১০ কোটির (১০০ মিলিয়ন) গণ্ডি।

বিশ্বনেতাদের পিছনে ফেললেন মোদী সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয়তার নিরিখে মোদী এখন বিশ্বমঞ্চের অঘোষিত সম্রাট। তাঁর ধারেকাছেও নেই বিশ্বের অন্য হেভিওয়েট নেতারা। একটি তুলনামূলক চিত্রে দেখা যাচ্ছে মোদীর দাপট কতটা:

বিশ্বনেতা ইনস্টাগ্রাম ফলোয়ার (মিলিয়ন)
নরেন্দ্র মোদী (ভারত) ১০০+ (১০ কোটি)
ডোনাল্ড ট্রাম্প (আমেরিকা) ৪৩.২
প্রাবোও সুবিয়ান্তো (ইন্দোনেশিয়া) ১৫
লুইজ ডি সিলভা (ব্রাজিল) ১৪.৪
রিসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক) ১১.৬

দেশীয় রাজনীতিতেও একচ্ছত্র আধিপত্য শুধু আন্তর্জাতিক ক্ষেত্র নয়, দেশের মাটিতেও সোশ্যাল মিডিয়া ফলোয়ারের নিরিখে মোদীর আশেপাশে কেউ নেই। ভারতের রাজনৈতিক মহলে দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১৬.১ মিলিয়ন ফলোয়ার)। অন্যদিকে, বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী রয়েছেন তৃতীয় স্থানে (১২.৬ মিলিয়ন ফলোয়ার)।

সাফল্যের পেছনের সফর ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার দিল্লির মসনদে বসেন, সেই বছরই তিনি ইনস্টাগ্রামে যোগ দিয়েছিলেন। গত ১২ বছরে তাঁর অ্যাকাউন্টটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সক্রিয় রাজনৈতিক হ্যান্ডেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই বিপুল জনপ্রিয়তা তাঁর অসামান্য ‘যোগাযোগ কৌশল’ এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের ফসল।

বর্তমানে সারা বিশ্বের নজর এখন মোদীর এই সেঞ্চুরির দিকে। ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার)-এর পর এবার ইনস্টাগ্রামেও নিজের আধিপত্য কায়েম করে মোদী বুঝিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ার রাজা তিনিই।