বিনা আবেদনেই ঢুকবে টাকা! ৭ লক্ষ পিএফ গ্রাহকের জন্য বাম্পার লটারি শ্রম মন্ত্রকের

দেশের লক্ষ লক্ষ ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য বিরাট সুখবর শোনাল কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। দীর্ঘদিন ধরে বন্ধ বা নিষ্ক্রিয় পড়ে থাকা অ্যাকাউন্টগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন থেকে ইন-অ্যাকটিভ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য গ্রাহককে কোনো আবেদন করতে হবে না বা ইপিএফও অফিসে চক্কর কাটতে হবে না।
সরাসরি ব্যাঙ্কে জমা হবে টাকা
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইপিএফও-তে ৭ লক্ষ ১১ হাজারেরও বেশি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে, যেখানে প্রায় ৩০.৫২ কোটি টাকা পড়ে রয়েছে। শ্রম মন্ত্রক জানিয়েছে, যেসব অ্যাকাউন্টে ব্যালেন্স ১ হাজার টাকা বা তার কম, সেই টাকা সরাসরি গ্রাহকদের আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি যদি মূল অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে, তবে সেই টাকা আইনত তাঁর উত্তরাধিকারীরা পেয়ে যাবেন।
কেন নিষ্ক্রিয় হয় অ্যাকাউন্ট?
ইপিএফও-র নিয়ম অনুযায়ী, যদি টানা ৩৬ মাস কোনো অ্যাকাউন্টে নতুন করে টাকা জমা না পড়ে, তবে সেটিকে ‘নিষ্ক্রিয়’ বা ইন-অ্যাকটিভ বলে গণ্য করা হয়। সাধারণত চাকরি পরিবর্তন করলে বা অবসর গ্রহণের পর পুরোনো পিএফ অ্যাকাউন্টের টাকা না তুললে এই সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ব্যালেন্স সামান্য থাকায় তাঁরা টাকা তোলার ঝামেলায় যেতে চান না। তাঁদের সুবিধার জন্যই এই পদক্ষেপ।
আসছে EPFO ৩.০: ৩ দিনেই মিটবে ক্লেম
আগামী অর্থবর্ষ থেকে বড়সড় প্রযুক্তিগত আপডেট আনতে চলেছে কেন্দ্র। চালু হচ্ছে ‘EPFO ৩.০’। এর ফলে পিএফ সংক্রান্ত যেকোনো ক্লেম সেটেলমেন্ট হবে অনেক দ্রুত। জানানো হয়েছে, মাত্র ৩ দিনের মধ্যে টাকা তোলার আবেদন মঞ্জুর হয়ে গ্রাহকের হাতে পৌঁছে যাবে। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে পিএফ পরিষেবা আরও সহজলভ্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।