ভোটের আগেই নবান্নের মাস্টারস্ট্রোক! মমতার উপহারে কি এবার কেল্লাফতে? স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা!

রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার গ্রাম থেকে শহর— সর্বত্র সাইকেলের চাকা ছোটানোর প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। সরকারি ও সরকার-পোষিত স্কুল এবং মাদ্রাসার প্রায় ১৩ লক্ষ (১২.৫৬ লক্ষ) নবম শ্রেণির পড়ুয়াকে এবার বিনামূল্যে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল দেওয়ার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশাল বাজেট ও প্রকল্পের রূপরেখা:
প্রশাসনিক সূত্রে খবর, এই পর্যায়ের প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রায় ৫০৭ কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত নবম শ্রেণির পড়ুয়াদের হাতেই তুলে দেওয়া হবে এই সাইকেল। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং অর্থ নিগমকে (WBSCSTOBCDFC) এই সাইকেল কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, সংস্থাটি ইতিমধ্যেই ১৫ লক্ষ সাইকেল সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ব্লক স্তরে দ্রুত এই সাইকেল পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে।
লক্ষ্য ২০২৬-এর ভোট ও ড্রপআউট রোধ:
রাজনৈতিক মহলের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি (MCC) চালু হওয়ার আগেই এই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিংহভাগ সাইকেল বিতরণ সেরে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। বর্তমানে রাজ্যের প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতাভুক্ত।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ১ কোটি ৪৪ লক্ষেরও বেশি পড়ুয়া এই সুবিধা পেয়েছে। সাইকেলের ঝুড়িতে থাকা সেই বিখ্যাত লোগোটিও মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্কুলছুট বা ‘ড্রপআউট’ কমানো এবং বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রীদের আত্মবিশ্বাস ও গতিশীলতা বৃদ্ধি করা। উল্লেখ্য, এই প্রকল্প রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও বিশ্বমানের স্বীকৃতি (WSIS Award) পেয়েছে।