বিশ্বকাপের মাঝেই লঙ্কাকাণ্ড! পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের পর গ্যালারিতে রণক্ষেত্র, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মাঠের লড়াই ছাপিয়ে এখন শিরোনামে গ্যালারির অশান্তি। পাল্লেকেলেতে গত মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই দেশের সমর্থকরা একে অপরের ওপর চড়াও হন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই অনভিপ্রেত ঘটনার ভিডিও, যা নিয়ে ক্রিকেট বিশ্বে বইছে নিন্দার ঝড়।
সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সলমন আলি আঘার পাকিস্তান এবং হ্যারি ব্রুকের ইংল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকার জন্য পাকিস্তানের কাছে এই ম্যাচ ছিল কার্যত মরণ-বাঁচন লড়াই। কিন্তু ম্যাচ হারতেই মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ইংল্যান্ড ও পাকিস্তানের দর্শকরা প্রথমে মৌখিক তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয়। কিল, চড় ও ধাক্কাধাক্কিতে রণক্ষেত্র হয়ে ওঠে গ্যালারির একটি অংশ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জার্সি পরিহিত কিছু স্থানীয় দর্শক ও নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ম্যাচের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুতে জয়ের সম্ভাবনা তৈরি করেও খেই হারিয়ে ফেলে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে পাকিস্তান ২০ ওভারে ১৬৪ রান তোলে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড এক সময় ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। পাক সমর্থকরা যখন জয়ের স্বপ্ন দেখছেন, ঠিক তখনই রুখে দাঁড়ান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্রুকের বিধ্বংসী ৫১ বলে ১০০ রানের ইনিংস পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন চুরমার করে দেয়। ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই হারের হতাশা থেকেই গ্যালারিতে উত্তেজনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।