টেবিলে টাকার পাহাড়, যে যত পারো তুলে নাও! বোনাস দিতে অবিশ্বাস্য রেকর্ড চিনা কোম্পানির

বার্ষিক উৎসবে উপহার হিসেবে দেওয়া হয় ল্যাপটপ বা ঘড়ি, বড়জোর একটা ট্রফি। কিন্তু চিনের এক ক্রেন প্রস্তুতকারক সংস্থা যা করল, তা দেখে নেটদুনিয়ার চক্ষু চড়কগাছ! হেনান কুয়াংশান ক্রেন কোম্পানি লিমিটেড তাদের বার্ষিক বোনাস হিসেবে কর্মীদের সামনে সাজিয়ে দিল নোটের পাহাড়। নির্দেশ একটাই— নির্দিষ্ট সময়ের মধ্যে যে যত পারো ১০০ ইউয়ানের নোটের বান্ডিল তুলে নাও। সেই টাকাই তোমার বোনাস!

সংস্থাটির চেয়ারম্যান কুই পেইজুন কর্মীদের প্রতি তাঁর উদারতার জন্য চিনে ‘সবচেয়ে দরাজ হৃদয়ের বস’ হিসেবে পরিচিত। এ বছর বার্ষিক উৎসবে কোম্পানিটি মোট ১৮০ মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২১৩ কোটি টাকা) বোনাস হিসেবে বিলিয়েছে। মজার বিষয় হলো, কোম্পানিটি ২০২৫ সালে যা লাভ করেছে, তার প্রায় ৭০ শতাংশই কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে রাখা বিপুল নোটের বান্ডিল গুনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কর্মীরা। এমনকি টাকার ওজন সামলাতে না পেরে অনেকে তা দু’হাতে জড়িয়ে ধরে স্টেজ থেকে নামছেন।

চেয়ারম্যান কুই পেইজুনের দর্শন সহজ— ‘আজকালকার তরুণরা নানা ঋণে জর্জরিত থাকে, তাই তাঁদের হাতে সরাসরি নগদ তুলে দেওয়াই শ্রেষ্ঠ সাহায্য।’ এর আগে তিনি কর্মীদের সোনার নেকলেস বা আংটি উপহার দিয়েছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক নারী দিবসেও কয়েক হাজার মহিলা কর্মীকে মোটা অঙ্কের বোনাস দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল এই সংস্থা। ১৩০টিরও বেশি দেশে ব্যবসা করা এই কোম্পানির দরাজ মানসিকতা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।