গণতন্ত্রের বদলে ‘ছুপা রুস্তম’ খেলা চলছে! ভোটার তালিকা প্রকাশের আগে সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী

২০২৬ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক তিন দিন আগে ‘এসআইআর’ (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ২৮ ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোলে বহু মানুষ হয়তো দেখবেন তাঁদের নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমি না লড়লে ১ কোটি ২০ লাখ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হতো।”
এদিন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘অগণতান্ত্রিক’ ভাবে কাজ করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কমিশন ‘ছুপা রুস্তম’-এর মতো কাজ করছে এবং গোপনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। মমতা বলেন, “আমি জানি না ২৮ তারিখ তালিকা বেরনোর পর কত মানুষ দুঃখ পাবেন। ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। আমি শুধু চাই গণতন্ত্র রক্ষা পাক, কে কোন দল করে তা আমার দেখার দরকার নেই।”
জৈন ধর্মের ‘মানস স্তম্ভ’ উদ্বোধনের মঞ্চ থেকে মহাত্মা গান্ধীর অহিংসার বাণী স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতি ও অধিকার রক্ষার আর্জি জানান। তাঁর কথায়, “সবাইকে বাঁচতে দিন (জিও অউর জিনে দো)। আমি আজ প্রার্থনা করেছি যেন সত্যের জয় হয়।” রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে আসন্ন নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু করতে চলেছেন তৃণমূল নেত্রী, যা ২৮ তারিখের পর আরও বড় আন্দোলনের রূপ নিতে পারে।