রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর! ফাঁসিদেওয়ায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে দ্রৌপদী মুর্মু

আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার বিধাননগরে বসছে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হতে চলেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটিই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। সাঁওতাল সমাজের সংস্কৃতি, ভাষা ও উন্নয়ন নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি এক বিশেষ তাৎপর্য বহন করছে।
সম্মেলনটি অনুষ্ঠিত হবে বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে। কাউন্সিল সূত্রে খবর, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে রাষ্ট্রপতির হাত দিয়ে একটি শাল গাছ রোপণ করা হবে। অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় আদিবাসী কল্যাণ মন্ত্রী জুয়েল ওঁরাও। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতিমধেই ফাঁসিদেওয়া জুড়ে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করে নিরাপত্তা ও রুট ম্যাপ খতিয়ে দেখছেন।
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আরজি কর আবহে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী একই মঞ্চে থাকবেন কি না। যদিও ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে আদিবাসী ভোটব্যাঙ্ক শাসক ও বিরোধী উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সম্মেলনে সব পক্ষই নিজেদের উপস্থিতি সুনিশ্চিত করতে আগ্রহী। গত বছর এই সম্মেলন অসমে অনুষ্ঠিত হলেও এবার পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের জন্য এক গর্বের মুহূর্ত।