শুভেন্দুর নিরাপত্তায় গাফিলতি! জুতো ছোড়ার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে ফের উত্তপ্ত কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নির্বাচন কমিশনের (CEO) দফতরের সামনে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ এবং তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনার রেশ ধরে বুধবার আদালতের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবীরা। অভিযোগ, আদালতের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও শুভেন্দুর নিরাপত্তায় চরম গাফিলতি দেখিয়েছে পুলিশ। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে ‘বিএলও ঐক্য মঞ্চ’-এর সদস্যরা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান। অভিযোগ ওঠে, তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়েছে। পাল্টা মেজাজে শুভেন্দুও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বিএলও-রা তো স্থায়ী, সব ছবি তোলা থাকছে। মে মাসের পর উলটো করে ঝোলানো হবে!” শুভেন্দুর আইনজীবীদের দাবি, যখন এই অনভিপ্রেত ঘটনা ঘটছিল, তখন পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং বিক্ষোভকারীদের সরাতে কোনো পদক্ষেপই নেয়নি।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যেই বিচারাধীন। অতীতেও চন্দ্রকোনায় তাঁর কনভয়ে হামলা এবং একাধিক এফআইআর নিয়ে আইনি লড়াই চলেছে। দিনকয়েক আগেই আদালত শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু মঙ্গলবারের ঘটনার পর বিরোধী শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে পুলিশ শুভেন্দুর নিরাপত্তা দিচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি ও আদালতের পর্যবেক্ষণের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।