সুপ্রিম কোর্টে নজিরবিহীন ভর্ৎসনা! পাঠ্যবই থেকে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ শব্দ সরাচ্ছে NCERT

স্কুল পাঠ্যবইয়ে বিচারব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে পড়ল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকে ‘জুডিশিয়াল করাপশন’ বা ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ শব্দবন্ধের ব্যবহার নিয়ে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শীর্ষ আদালতের কড়া অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করল এনসিইআরটি কর্তৃপক্ষ।

কী নিয়ে এই বিতর্ক? অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের নতুন পাঠ্যবইয়ে ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক একটি অধ্যায় রয়েছে। সেখানে দেশের বিচার বিভাগের দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। বুধবার প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি বিষয়টি আদালতের নজরে আনেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত সাফ জানান, এটি বিচারব্যবস্থাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননা করার একটি প্রচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যে এমন শব্দবন্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার হুঁশিয়ারিও দেন।

NCERT-র পদক্ষেপ: আদালতের ভর্ৎসনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও এনসিইআরটি। সংস্থার উচ্চপদস্থ কর্তারা স্বীকার করেছেন যে, পাঠ্যবইয়ে নৈতিক আদর্শ এবং আইনবিধি তুলে ধরাই কাম্য ছিল, কোনো বিতর্কিত মন্তব্য নয়। জানানো হয়েছে, দ্রুত ওই অধ্যায়টি সংশোধন করা হবে এবং অবমাননাকর অংশ ও জনৈক প্রাক্তন বিচারপতির বিতর্কিত বক্তব্য বাদ দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষের আগে এই সংশোধনী কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে।