“নায়কের পছন্দ নই বলে বাদ পড়েছি বহু ছবি থেকে!” বলিউডের স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক তাপসী পান্নু

বলিউডের রাজনীতির বেড়াজাল কাটিয়ে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তাপসী পান্নু। সম্প্রতি তাঁর ছবি ‘আশি’ মুক্তি পেয়েছে, যেখানে তাঁর অভিনয় আবারও দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। কিন্তু ‘নাম শাবানা’, ‘থাপ্পড়’ বা ‘মুল্ক’-এর মতো সফল ছবি দেওয়ার পরেও তাপসীর দাবি, প্রতিদিন তাঁকে নতুন কাজের জন্য যুদ্ধ করতে হয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্য ও নায়ক-কেন্দ্রিক আধিপত্যের শিকার তিনি বারবার হয়েছেন।

নায়কদের মর্জিতেই কি চলে কাস্টিং?
তাপসীর কথায়, “বহু ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ সেই ছবির নায়কের পছন্দের তালিকায় আমি ছিলাম না। পরিচালক আমার নাম প্রস্তাব করলেও কোনো কোনো সুপারস্টার বলেছেন, আমার সঙ্গে তাঁর টিউনিং মিলবে না। এমনকি স্ক্রিপ্ট শোনা বা লুক সেটের পরেও আমাকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, শুধু সিনেমা নয়, কোনো বিজ্ঞাপনের জন্য তাঁর নাম প্রস্তাব করা হলে নায়করা ব্র্যান্ডের থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়ার সুপারিশ করেন।

দক্ষিণের অভিজ্ঞতা ও নতুনদের পরামর্শ:
নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে তাপসী মনে করিয়ে দেন, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় তাঁকে ‘অপয়া’ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানেও ‘আশি’ ছবির বক্স অফিস কালেকশনের ওপর নির্ভর করবে তাঁর পরবর্তী কাজ। নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন, তাঁদের উদ্দেশ্যে অভিনেত্রীর বার্তা— “আমার রাস্তা অনুসরণ করলে প্রতিদিন যুদ্ধের জন্য তৈরি থেকো। কারণ এখানে মেধার চেয়ে মর্জির দাম অনেক সময় বেশি হয়।”