স্কুলের পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির পাঠ! এনসিইআরটি-র ওপর খড়্গহস্ত সুপ্রিম কোর্ট

এনসিইআরটি (NCERT)-র অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থায় দুর্নীতির একটি অধ্যায় যুক্ত করাকে কেন্দ্র করে নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়টিকে ‘বিচারব্যবস্থার ওপর পরিকল্পিত আক্রমণ’ বলে অভিহিত করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে, বিচারবিভাগের সততা ও সাংবিধানিক অখণ্ডতা নিয়ে এ ধরনের অবমাননাকর বিষয় কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আদালতে আইনজীবীদের উদ্বেগ:
বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বিষয়টি আদালতের নজরে এনে বলেন, “স্কুলের পাঠ্যবইয়ে বিচারব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করা হয়েছে, তাতে বারের সদস্যরা অত্যন্ত চিন্তিত। প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য হিসেবে আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।” আইনজীবী অভিষেক মনু সিংভিও সুর চড়িয়ে প্রশ্ন তোলেন যে, কেন শুধুমাত্র বিচারব্যবস্থাকেই দুর্নীতির সমার্থক হিসেবে তুলে ধরা হচ্ছে? তাঁর কথায়, “রাজনীতিবিদ, মন্ত্রী বা আমলাতন্ত্রের দুর্নীতির কোনো উল্লেখ নেই, যেন মনে হচ্ছে দুর্নীতি শুধু বিচার বিভাগেই সীমাবদ্ধ।”

প্রধান বিচারপতির কড়া অবস্থান:
প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান যে, দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারপতিদের কাছ থেকে তিনি অগুনতি ফোন এবং মেসেজ পেয়েছেন। সকলেই এই পাঠ্যক্রম নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি বলেন, “কাউকে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। এই বিষয়টি যে স্তরেরই হোক না কেন, আদালত এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে।” বেঞ্চের অন্য সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন যে, এনসিইআরটি-র ওই পাঠ থেকে ‘সাংবিধানিক অখণ্ডতা’ বিষয়টিই গায়েব হয়ে গিয়েছে।