তিলজলায় গুলিকাণ্ড! বাবা-ছেলে শ্রীঘরে গেলেও কাটছে না আতঙ্ক! ‘কেস তোলো’ বলে হুমকি দিচ্ছে শাগরেদরা

তিলজলা রোডের গুলিকাণ্ডে মূল অভিযুক্ত বাবা ও ছেলে গ্রেফতার হলেও স্বস্তিতে নেই আক্রান্ত মহম্মদ নিয়াজের পরিবার। উল্টে অভিযুক্তদের সঙ্গীদের দাপটে এখন এলাকা ছাড়া হওয়ার উপক্রম হয়েছে তাঁদের। আক্রান্তের কাকিমা রাইসা বিবির অভিযোগ, সলমন ও তার বাবা ধরা পড়লেও তাদের সাঙ্গোপাঙ্গরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বাইক নিয়ে এসে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে যাতে তাঁরা পুলিশের থেকে অভিযোগ তুলে নেন। এই চরম নিরাপত্তাহীনতায় বাড়ির মহিলারা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

কাউন্সিলরের গলায় আক্ষেপ:
এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর জলি বসু। তিনি সাফ জানিয়েছেন, এই জনবহুল এলাকায় যেভাবে গুলি চলল, তাতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। তবে পুলিশের ভূমিকা নিয়ে তাঁর গলায় প্রচ্ছন্ন ক্ষোভ শোনা গিয়েছে। কাউন্সিলর ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, বেনিয়াপুকুর থানা আগে যতটা সক্রিয় ছিল, এখন ততটা নেই। এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকছে বলেও অভিযোগ করেন তিনি।

ঠিক কী ঘটেছিল?
সোমবার রাতে তিলজলায় পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে। মহম্মদ সলমনের সঙ্গে মহম্মদ নিয়াজের বচসা শুরু হয়েছিল সন্ধ্যায়। স্থানীয়রা ঝামেলা মিটিয়ে দিলেও রাত একটা নাগাদ সলমন তার দলবল নিয়ে চড়াও হয় নিয়াজের ওপর। বাড়ি থেকে ডেকে বের করে এলোপাথাড়ি গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ সংলগ্ন এই এলাকায় পুলিশি পাহারা থাকলেও দুষ্কৃতীদের সঙ্গীদের হুমকিতে তটস্থ গোটা পিলখানা এলাকা।