“আমি না থাকলে ৩৫ কোটি পাকিস্তানি মারা যেত!” অপারেশন সিঁদুর ও শাহবাজ শরিফকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তাঁর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে একগুচ্ছ চাঞ্চল্যকর দাবি করে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় আসার প্রথম ১০ মাসেই বিশ্বের অন্তত আটটি বড় যুদ্ধ বন্ধ করেছেন। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্ভাব্য ‘পারমাণবিক যুদ্ধ’। ট্রাম্পের দাবি, ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন তিনি হস্তক্ষেপ না করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মৃত্যু হতে পারত এবং অন্তত ৩ কোটি ৫০ লক্ষ মানুষ প্রাণ হারাতেন।

ট্রাম্পের দাবির নেপথ্যে ‘অপারেশন সিঁদুর’:
উল্লেখ্য, গত বছর ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর বদলা নিতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করাই ছিল এর লক্ষ্য। ট্রাম্পের দাবি, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শাহবাজ শরিফ তাঁকে ফোন করে বাঁচানোর অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের কথায়, “আমি আটটি যুদ্ধ থামিয়েছি। ইজরায়েল-হামাস থেকে শুরু করে ভারত-পাকিস্তান— সর্বত্র শান্তি এনেছি আমিই।”

ভারতের কড়া প্রতিক্রিয়া ও কটাক্ষ:
ট্রাম্পের এই স্বঘোষিত ‘ত্রাতা’ অবতারকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত সরকার। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর পাল্টা কটাক্ষ করে বলেন, “ভারত ও পাকিস্তানের সংঘাত যখন থামছিল, তখন আমেরিকা আমেরিকাতেই ছিল।” অর্থাৎ, এই শান্তিস্থাপনে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা ছিল না বলেই স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিজিএমও (DGMO) নিজেই হটলাইনের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে অভিযান স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন এবং সেই সূত্রেই যুদ্ধবিরতি হয়েছিল।

ট্রাম্পের এই মন্তব্যে পাকিস্তানও অস্বস্তিতে পড়েছে। যদিও ইসলামাবাদ গত বছর ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল, তবে শাহবাজ শরিফের ‘মৃত্যুভয়’ নিয়ে ট্রাম্পের এই প্রকাশ্য স্বীকারোক্তি পাকিস্তানের কূটনৈতিক মহলে চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।