জোটে ISF কত সিট চায়? বামফ্রন্টের ‘বিমান স্যর’-এর দিকে তাকিয়ে নওশাদ সিদ্দিকী

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক মোচড়। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে এবার কোমর বেঁধে ময়দানে নামছে বাম-আইএসএফ জোট। মঙ্গলবার আলিমুদ্দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতিতে নওশাদ সিদ্দিকির দেড়-দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

৫Base০ আসনের দাবি নওশাদের? সূত্রের খবর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এবার বামফ্রন্টের কাছে ৫০টি আসনের জোরালো দাবি জানিয়েছে। নওশাদ সিদ্দিকি বৈঠক শেষে স্পষ্ট করেছেন, “আমরা কতগুলি আসন চেয়েছিলাম আর কতগুলিতে রাজি হলাম, তা বুধবারই চূড়ান্ত হবে। তবে জোট হচ্ছেই।” আসন ভাগাভাগি নিয়ে জেলাভিত্তিক ও লোকসভা ভিত্তিক চুলচেরা বিশ্লেষণ শেষ হয়েছে বলে খবর।

দেগঙ্গার পুনরাবৃত্তি কি আটকানো যাবে? ২০২১ সালের ভোটে বাম-আইএসএফ জোট হলেও দেগঙ্গা আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়া নিয়ে অস্বস্তিতে পড়েছিল সংযুক্ত মোর্চা। এবার যাতে সেই ‘মৈত্রী লড়াইয়ের’ তিক্ততা ফিরে না আসে, তা নিয়ে ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। নওশাদ বলেন, “গতবার যা হয়েছে তার পুনরাবৃত্তি চাই না। সবটা নিয়েই ইতিবাচক আলোচনা হয়েছে।”

কংগ্রেস নেই, সঙ্গে অন্য ‘শক্তি’? উল্লেখ্য, এবার কংগ্রেস একক ভাবে লড়াইয়ের কথা জানানোয় বাম-আইএসএফ জোট আরও বেশি সংহত হতে চাইছে। তবে শুধু বাম আর আইএসএফ নয়, জোটে বেশ কিছু ছোট রাজনৈতিক ও সামাজিক শক্তিকেও শামিল করার ইঙ্গিত দিয়েছেন নওশাদ। তিনি জানান, বহু ছোট দল তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে, যাদের বিমান বসুর সঙ্গে কথা বলতে বলা হয়েছে।

আবারও কি ভাঙড়েই নওশাদ? ২০২১-এর একমাত্র জয়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি এবারও কি ভাঙড় থেকেই লড়বেন? এই প্রশ্নের উত্তর এখনই খোলসা করতে নারাজ পিরজাদা। তবে রাজনৈতিক মহলের ধারণা, নওশাদকে ঘিরে এবার বড় কোনও চমক দিতে পারে এই জোট।