Exclusive: মমতার তালিকায় বড় চমক! বালিগঞ্জে কি বাদ বাবুল? মমতার তুরুপের তাস এবার কে?

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজল বলে। নির্বাচন কমিশন যে কোনও দিন দিনক্ষণ ঘোষণা করতে পারে। তবে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজনৈতিক ময়দানে বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস। নবান্ন দখলের লড়াইয়ে সংগঠন ও রণকৌশলের নিরিখে জোড়াফুল শিবির এখন থেকেই ‘ফুল ফর্মে’।

পাহাড় থেকে সাগর: সমীক্ষায় প্রস্তুত খসড়া তালিকা সূত্রের খবর, ২৯৪টি আসনের জন্য তৃণমূলের প্রাথমিক খসড়া তালিকা একপ্রকার চূড়ান্ত। দীর্ঘ সমীক্ষা ও পর্যালোচনার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এক তালিকা তৈরি করেছেন যেখানে অভিজ্ঞ মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তরুণ মুখ জায়গা পেতে চলেছেন। জানা যাচ্ছে, এবার বিধানসভার লড়াইয়ে দেখা যেতে পারে জনৈক এক রাজ্যসভার সাংসদকেও।

কলকাতায় কি বড় রদবদল? কলকাতার আসনগুলিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও বালিগঞ্জ নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে গুঞ্জন, বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র বদলে প্রার্থী হতে পারেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমেও প্রার্থী বদলের জোরালো ইঙ্গিত মিলেছে। তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে দেবাশিস কুমার এবং টালিগঞ্জে অরূপ বিশ্বাসের নাম প্রায় নিশ্চিত।

নন্দীগ্রামে ‘লোকাল’ কার্ড, উত্তরবঙ্গে বিশেষ নজর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে এবার বিশেষ কৌশল নিচ্ছে ঘাসফুল শিবির। সেখানে কোনও হেভিওয়েট নেতার বদলে স্থানীয় ও ভূমিপুত্র কাউকে প্রার্থী করে চমক দিতে পারেন মমতা। অন্যদিকে, উত্তরবঙ্গের রাজবংশী ও চা-বলয়ের ভোটব্যাঙ্ক পুনরুদ্ধারে প্রার্থী তালিকায় বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের সাম্প্রতিক সাফল্যে আত্মবিশ্বাসী দল সেখানেও নতুন ও পুরনো মুখের ভারসাম্য বজায় রাখতে চাইছে।

কোথায় দাঁড়িয়ে বিরোধীরা? তৃণমূল যখন প্রার্থী তালিকা ঘোষণার দৌড়ে অনেকটা এগিয়ে, তখন বিজেপি এখনও সাংগঠনিক দুর্বলতা কাটাতে হিমশিম খাচ্ছে। বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কথা বললেও আসন বণ্টন নিয়ে জট এখনও কাটেনি। কংগ্রেসের একক লড়াইয়ের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীরা যখন ঘর সামলাতে ব্যস্ত, তৃণমূল তখন প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রচারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল। এখন দেখার, কালীঘাটের চূড়ান্ত সিলমোহর পড়ার পর তালিকায় কতজন বর্তমান বিধায়ক বাদ পড়েন আর কতজন নতুন মুখ জায়গা পান।