ফের সিবিআইয়ের জালে বিভাস অধিকারী! নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজিরা অনুব্রত ঘনিষ্ঠ নেতার

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। দীর্ঘ টালবাহানা ও একাধিক নোটিস এড়ানোর পর অবশেষে বুধবার দুপুর ২টো নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। সিবিআই ও ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতির জাল বীরভূম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত এবং তার অন্যতম মূল কারিগর হতে পারেন এই বিভাস।
তদন্তকারীদের নজরে বিভাসের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাবশালী যোগাযোগ। একসময় অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নলহাটি-২ ব্লকের তৃণমূল সভাপতি থাকা বিভাসের সঙ্গে ধৃত বিধায়ক মানিক ভট্টাচার্যেরও যোগসূত্র মিলেছে বলে দাবি করা হচ্ছে। সিবিআই গত অক্টোবর মাসেই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। ইতিপূর্বে তাঁর নলহাটি ও কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।
রাজনৈতিকভাবেও বিভাস অধিকারীর অবস্থান বেশ চর্চিত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই তিনি তৃণমূল ত্যাগ করেন এবং ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল গঠন করেন। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের হাতে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্ত রয়েছেন তিনি। এদিন ইডির জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিয়োগ দুর্নীতির আরও গভীরে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।